বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নোয়াখালীর শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুলের ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩১ জন জিপিএ-৫ পেয়েছেন, যার একজন এই লাবিব।
গত ২০ মে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিন লাবিবের বাবা মফিদুল আলমের মৃত্যু হয়। চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম ১৯ মে রাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্তানের ভালো ফলাফল ও উচ্চশিক্ষা ছিল মফিদুল আলমের সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই গভীর শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়েছিল লাবিব।
সেদিন লাবিবের এসএসসি পরীক্ষার শেষ পরীক্ষা ছিল। তিনি বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যান এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার জানাজা ও দাফনে অংশ নেন। ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!