বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে নিরাপদ সড়ক ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়ক অবকাঠামো উন্নয়নসহ চার দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা, যা যান চলাচল বন্ধ করে দেয়।
এর আগে বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী নিহত ও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা প্রশাসনের কাছে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো: ১. আহত শিক্ষার্থীর সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে; ২. আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত করতে হবে; ৩. বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা করতে হবে; ৪. বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত চালু করতে হবে।
ববি বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’ আরেক শিক্ষার্থী ভুমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয় না। আমি বলতে চাই, আহত শিক্ষার্থীর সকল ব্যয় প্রশাসনকে বহন করতে হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব দাবি-দাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব মেনে নেবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করব এবং কীভাবে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!