ডাকাতির খবর পেয়ে রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসা ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বনশ্রীর সি-ব্লকের ২ নম্বর রোডের একটি বাড়িতে ডাকাত দল ঢুকেছে বলে তথ্য পায় ডিবি। এরপর ডিবির মতিঝিল বিভাগের প্রায় অর্ধশত সদস্যের একটি দল বেলা পৌনে একটার দিকে বাড়িটি ঘিরে ফেলে। সোয়া দুইটা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য পালানোর পথ আটকে রাখতে রাস্তার দুই পাশ বন্ধ করে দেওয়া হয় এবং গলির মুখে রাখা হয় বালুভর্তি ট্রাক। পুলিশের এমন উপস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে বাসাটি ঘিরে তল্লাশি চালালেও মেলেনি ডাকাতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের প্রমাণ। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এত বড় অভিযান, তাকেই সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে যায় পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যদাতা নিজেও একজন সন্দেহভাজন ডাকাত। তার বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তিনি কেন এমন তথ্য দিয়ে পুলিশকে সেখানে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ডাকাতির একটি তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে গিয়েছিল। তবে যে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। তিনি আরও জানান, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!