উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গান বাজানো নিয়ে উত্তেজনা: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ২৫

গান বাজানো নিয়ে উত্তেজনা: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ২৫
লেখা বড়/ছোট করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার পর জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনসের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

ঘটনার সূত্রপাত হয়, যখন কয়েকজন মাদ্রাসাছাত্র পুলিশ লাইনসে গিয়ে অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ বা শব্দ কমানোর অনুরোধ জানান। স্থানীয় দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার তাদের পরীক্ষা থাকায় গানের শব্দে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল।

তবে এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেখানে শতাধিক শিক্ষার্থী জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশ সদস্য ও মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হন।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের জেরে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। ঘটনার পর পুলিশ লাইনস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!