উৎসবের রঙে সাজছে...
জাতীয়

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষ: আহত অন্তত ১০

লেখা বড়/ছোট করুন:

চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরে তীব্র কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুই যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আকস্মিক এই দুর্ঘটনায় লঞ্চঘাটে নোঙর করা কয়েকটি নৌযান, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-চাঁদপুর নৌপথের হাজার হাজার যাত্রী ঘাটে ও লঞ্চের ভেতরে আটকা পড়েন।

​সোমবার (২৫ মে) দুপুরের দিকে হঠাৎ করে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের কারণে নদী উত্তাল হয়ে উঠলে এবং প্রচণ্ড বাতাস শুরু হলে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে চরম বিপাকে পড়ে।

​প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ 'ঈগল-৭' ঘাটে নোঙর করে যাত্রী নামানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আবহাওয়া প্রতিকূল থাকায় অপর একটি যাত্রীবাহী লঞ্চ 'ময়ূর-২' নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে ঈগল-৭ লঞ্চটি একপাশে হেলে পড়লে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

​লঞ্চডুবির ভয়ে যাত্রীরা তাদের মালামাল ফেলে হুড়োহুড়ি করে দ্রুত তীরে নামার চেষ্টা করেন। এতে করে ঠেলাঠেলিতে অন্তত ১০ জন যাত্রী কম-বেশি আহত হন। উদ্ধারকর্মীরা আহতদের কয়েকজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

​দুর্ঘটনার খবর পেয়ে ঘাট এলাকায় নিয়োজিত নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং স্কাউট সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​লঞ্চঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে নৌযান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও অন্যান্য মালামাল সুশৃঙ্খলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!