উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গোপালগঞ্জে রেললাইনে ঘুমিয়ে পড়া দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত

গোপালগঞ্জে রেললাইনে ঘুমিয়ে পড়া দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত
লেখা বড়/ছোট করুন:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রেললাইনে ঘুমিয়ে পড়া দুই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশনের পশ্চিম পাশে বাদশা খানের বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে রেললাইনের ওপর দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মাদকাসক্ত ছিলেন। তবে তাদের রেললাইনে কীভাবে যাওয়া হয়েছিল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!