বহুজাতিক সামুদ্রিক মোতায়েন 'আইওএস সাগর ২০২৬'-এর অংশ হিসেবে শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইওএস সাগর'। শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ১৭) সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই সফর দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার প্রতিফলন। সফরকালে জাহাজের কমান্ডিং অফিসার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে সামুদ্রিক নিরাপত্তা ও লজিস্টিকস সহযোগিতা। এছাড়া দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক জাহাজ পরিদর্শন, প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময় এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারতীয় কমান্ডিং অফিসার।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!