জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম সামিউল হক নামে জেলা জজ আদালতের এক বিচারক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার লাহেড়িকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সিভিল জজ এ কে এম সামিউল হক। ভোরে লাহেড়িকান্দা বাজারে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পিছনে তার বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বিচারক এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকও গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে বিচারকের মরদেহ উদ্ধার করে। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!