উৎসবের রঙে সাজছে...
জাতীয়

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি
লেখা বড়/ছোট করুন:

কারাগারে বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জামিন শুনানির দিন ট্রাইব্যুনালের এজলাসে তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জামিন শুনানির সময় কথা বলার অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তাকে তা প্রদান করে। এরপর দীপু মনি বলেন, ‘এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নেওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’

এর আগে গত ১৮ আগস্ট রাতে দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। গত ২৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার কাছে যাওয়ার জন্য জামিন আবেদন করেছিলেন দীপু মনি। তিনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

এ সময় ট্রাইব্যুনাল বলেন, তারা খুবই ব্যথিত। দীপু মনির আবেদনের যৌক্তিকতা আছে। কিন্তু তাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। দীপু মনি নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চাইলেও ডিফেন্স আইনজীবীর সম্মতিতে আবেদনটি পেন্ডিং রাখেন ট্রাইব্যুনাল। এ নিয়ে শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!