উৎসবের রঙে সাজছে...
জাতীয়

জিডি করে বাড়ি ফেরার পথেই জমি বিরোধের জেরে ব্যবসায়ী খুন

জিডি করে বাড়ি ফেরার পথেই জমি বিরোধের জেরে ব্যবসায়ী খুন
লেখা বড়/ছোট করুন:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি ও পারিবারিক বিরোধের জেরে মিজানুর রহমান (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া (পোড়ারহাট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বাড়ির পাশে পোড়ারহাট বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুরের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে বসে থাকার সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল দিয়ে তার পায়ে ধাক্কা দিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুরকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে মিজানুর তার মা আজুবা বেগমকে সঙ্গে নিয়ে মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করে রাতে বাড়ি ফেরার সময় দোকানের কাছাকাছি পৌঁছালে নুরনবী, নুর মোহাম্মদ, মাসুদ, মোস্তাফিজার, কালাম, মাহফুজারসহ ১০ থেকে ১২ জন বঁটি, রামদা, ছুরি ও লাঠি নিয়ে তাদের বহনকারী রিকশা-ভ্যানের পথরোধ করে। তারা মিজানুরকে ভ্যান থেকে নামিয়ে প্রথমে লাঠি দিয়ে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এ সময় ছেলেকে বাঁচাতে আজুবা বেগম হামলাকারীদের কাছে হাতজোড় করে মিনতি করলেও তাকে সরিয়ে দিয়ে মিজানুরের ওপর আবারও হামলা চালানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের মা আজুবা বেগম বুধবার (১৯ আগস্ট) মিঠাপুকুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। নিহতের বোন রেখা বেগম তার ভাইকে বিনা দোষে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!