রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে হোস্টেলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পিংকি বিশ্বাস আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া কলাবাগান থানায় খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!