দীর্ঘ দুই দশক পর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন। প্রায় সাড়ে ৫ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর হুইল চেয়ারে বসে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি; কণ্ঠ ভারী হয়ে আসে, সংসদকক্ষে নেমে আসে নীরবতা।
কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, 'আপনারা জানেন আমি দীর্ঘ সাড়ে ৫ মাস চিকিৎসাধীন আছি। আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন। ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে এর থেকে আনন্দ ও গর্বের বিষয় কি হতে পারে?'
তিনি প্রধানমন্ত্রী, তার কার্যালয় ও স্পিকারের অসুস্থ অবস্থায় সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য কৃতজ্ঞতা জানান। তীব্র আবেগপ্রবণ হয়ে বলেন, 'আমি যেন আমার জনগণের জন্য কাজ করতে পারি—আল্লাহর কাছে এই দোয়া করি। সকল সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও দোয়া এই কঠিন সময়ে আমাকে সাহস জুগিয়েছে।'
সকলের দোয়া চেয়ে তিনি বলেন, 'আমি যদি বেঁচে থাকি যেন দেশের জন্য কিছু করতে পারি, আল্লাহর কাছে এই কামনা।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!