উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
লেখা বড়/ছোট করুন:

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বুলবুলি খাতুন (২৫) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বুলবুলি খাতুন ও অভিযুক্ত আব্দুল্লাহ দম্পতির সংসারে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় বুলবুলি ও তার শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে। এ ছাড়া স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!