বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। তাদের কর্মসূচির ‘ওষুধ’ ইতোমধ্যে কাজ করা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কাউকে ছাড় দেওয়া হবে না; গন্তব্যের পথে বাধা দিলে লড়াই হবে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।
প্রসঙ্গত, লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে এবং চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!