রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ করে বলেন, 'ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।' এ-সংক্রান্ত দুই মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুকু প্রথমে ওসিকে ফোন করে তার খোঁজখবর নেন। জবাবে ওসি আতিকুর রহমান জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন।
এরপর রুকু নিজেকে এলাকার একজন পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ওসিকে বলেন, তিনি অতিথি হিসেবে এলাকায় চাকরি করতে এসেছেন। তাই তাকে অতিথির সম্মান দিতে চান।
রুকু বলেন, 'আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরে আপনাদের চাকরি করতে হবে।'
ফোনালাপে রুকু আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যেন হয়রানি করা না হয়। জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না এবং মোহনপুর ছোটখাটো এলাকা হওয়ায় এসব করে কোনো লাভ হবে না।
একপর্যায়ে রুকু পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে পুলিশ যতটা নিরাপদ ছিল, বর্তমান সময়ে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি তিনি পুলিশ হত্যার বিচারের কথাও বলেন।
ফোনালাপের শেষ দিকে রুকু আবারও ওসিকে সতর্ক করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও তাকে চাকরি করতে হবে এবং তাকে আবার মোহনপুর থানায় ফিরিয়ে আনা হবে।
এ বিষয়ে জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি তারা জানেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে বিভিন্ন স্থান থেকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!