রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করছেন স্পিকার। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তাসহ বিশেষ ভিআইপি প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবিধানিক পরবর্তী পদক্ষেপ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থার আমূল পরিবর্তন দেখা যায়। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ-এর গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায় এবং স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকল প্রস্তুত করা হয়। বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রটোকলের গাড়ি ও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য গাড়ি সংসদে পৌঁছায়।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। এর মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা সফর শেষে নির্ধারিত সময়ের দুদিন আগেই আজ দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আগেই স্পষ্ট করেছিলেন, সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই পাঠাতে হয়।
বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!