উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পিরোজপুরে বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে চা দোকানিকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে চা দোকানিকে ধর্ষণের অভিযোগ
লেখা বড়/ছোট করুন:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে পল্লি বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে অফিসের পাশের চা দোকানিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ ওই উপজেলার করফা বাজার পল্লি বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত।

মামলার এজাহার অনুযায়ী, করফা বাজারে ভুক্তভোগী নারীর একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লি বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজের সঙ্গে পরিচয়ের সূত্রে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ধর্মান্তরিত হওয়ার পর তাকে বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে সিরাজ একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ১১ জুলাই গভীর রাতে সিরাজ তার দোকানে প্রবেশ করে ফের শারীরিক সম্পর্ক করেন। পরে বিষয়টি জানাজানি হলে সিরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় রোববার রাতে স্থানীয়দের সহায়তায় সিরাজকে তার বাসায় অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজ। তার দাবি, ওই নারীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা নিয়ে পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ওই নারী তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ ছাড়া ওই নারী তার কাছে টাকা দাবি করেছিলেন বলেও অভিযোগ করেন সিরাজ।

করফা বাজার পল্লি বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটকে রেখেছিল। পরবর্তীকালে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বিষয়টি সমাধান হয়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!