উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যালটে থাকুক, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যালটে থাকুক, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ নভেম্বর) সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা তিনি ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না। তবে যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে—এমন প্রশ্ন কারও কারও মনে হয়তো সৃষ্টি হতে পারে। হ্যাঁ, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে পার্থক্য হলো—বর্তমান সরকার যেসব এজেন্ডা বাস্তবায়ন করছে, জনগণ সেইসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জীবনের আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আমি শুরুতেই আপনাদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সুখ-শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করি। একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগের কলাকৌশল আপনারা শিখেছেন। এবার সরকারি প্রশাসনে যার ওপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে, অর্জিত জ্ঞান প্রয়োগ করে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন। নিঃসন্দেহে আপনাদের জীবনের এটি অন্যতম সেরা একটি আনন্দময় মুহূর্ত। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, একটি দেশের জনপ্রশাসনে হাজার হাজার পদ-পদবি রয়েছে। যতগুলো প্রশাসনিক পদ রয়েছে প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ই দেখা যায়, পছন্দের পদে পোস্টিং কিংবা প্রমোশনের জন্য কেউ কেউ নিজেদের পেশাগত 'দক্ষতা এবং সততা'র সঙ্গে কম্প্রোমাইজ করেন। আমি মনে করি, যেকোনো সময় দেশের যেকোনো স্থানে, জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা চূড়ান্ত পেশাদারিত্বের পরিচায়ক। সবারই মনে রাখা জরুরি—একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারপ্রধান হিসেবে আপনাদের কাছে আমার যেটি চাওয়া, সেটি হলো—যেকোনো বয়সেরই একজন নাগরিক কোনো সহযোগিতার জন্য অফিস-আদালতে আপনাদের কাছে গিয়ে যেন কোনো রকম হয়রানির শিকার না হন, সেটি অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আমি আপনাদের একটি 'গোল্ডেন রুলের' কথা স্মরণ করিয়ে দিতে চাই—'ট্রিট আদারস হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড'। আপনাদের জীবনেও হয়তো কখনো কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতার সময় আপনারা অন্যের কাছ থেকে নিজের জন্য যে ধরনের ব্যবহার আশা করেন, আপনাদের কাছে কেউ সহযোগিতার জন্য এলে আপনারা তাদের সঙ্গেও তেমন ব্যবহার করবেন।

সরকারপ্রধান বলেন, প্রশাসনের কর্মকর্তা হিসেবে আপনাকে অবশ্যই বিধিবদ্ধ নিয়মের আওতায় কার্যাবলি সম্পন্ন করতে হবে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে পুরো বিষয়টি 'ডিল' করার সময় ব্যক্তির সঙ্গে আপনার বা আপনাদের মানবিক আচরণ ছিল কি না, আধুনিক রাষ্ট্র এবং প্রশাসনে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি স্ব স্ব অফিস-আদালত, ঘরবাড়িসহ চারপাশ পরিচ্ছন্ন রেখে সমৃদ্ধ ও পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান জানান তিনি।

এদিন অনুষ্ঠানে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!