জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই র্যালিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো র্যালি পরিণত হয় জনসমুদ্রে।
শনিবার বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি নিজেই নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে র্যালিতে অংশ নেন এবং এর নেতৃত্ব দেন। এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন দলীয় নেতাকর্মীরা। লাল-সবুজের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে র্যালিটি রাজধানীর রাজপথে বড় ধরনের জনসমাগমের সৃষ্টি করে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি রাজধানীর কাকরাইল হয়ে প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড অতিক্রম করে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে র্যালিটি শেষ হয়।
এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত র্যালি শুরুর স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী র্যালি শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিট থেকেও নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে যোগ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আরও ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান এবং ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া র্যালিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দলীয় সূত্রে উল্লেখিত কর্মসূচি অনুযায়ী, দীর্ঘ ২০ বছর পর বিএনপি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। দলটির বক্তব্য, ফ্যাসিবাদী শাসনামলে এই দিবসকে কেন্দ্র করে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!