গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লটারিতে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে।
সহকারী প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি বা পদায়ন করা হয়েছে।
উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে বদলি বা পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছিল।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!