সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়ালকে ১২ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই ছাত্রীর আরবি পরীক্ষার ফলাফল খারাপ হলে তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। সন্তানের পড়ালেখার উন্নতির কথা ভেবে মা তার প্রস্তাবে রাজি হন। এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন তিনি। বিষয়টি কাউকে জানালে অধ্যক্ষ তাকে নানাভাবে ভয়ভীতিও দেখাতেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে নিজ কক্ষে শিশুটিকে একইভাবে আপত্তিকর স্পর্শ করেন অধ্যক্ষ। এতে আতঙ্কিত হয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর মা জানান, সোমবারের ঘটনার পর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার মেয়ে কান্নাকাটি করতে থাকে। কান্নার কারণ জানতে চাইলে সে পুরো ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে’ তিনি এমনটি করে ফেলেছেন। এদিকে অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে জানতেন এবং বিষয়টি শিশুটির মাকেও জানিয়েছিলেন। তাঁর স্বামী ওই শিশুটিকে বিয়ে করবেন বলেও তাকে জানিয়েছিলেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগী শিশুর মায়ের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!