শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রায় ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লাও গুরুতর আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!