রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ইবনে সিনা হাসপাতাল-এর পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক কারখানার তিন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন করিমন (১৭), মো. নবী (১৬) ও রিফাত (১৮)। তাদের সবার বাড়ি দেবিদ্বার উপজেলা।
আহতদের সঙ্গে থাকা মাহফুজুর রহমান জানান, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডের একটি পোশাক কারখানায় কাজ করেন এবং সেখানেই থাকেন। আর নবী সাইনবোর্ড এলাকায় কাজ করেন ও বসবাস করেন। মহান মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় তারা একসঙ্গে মালিবাগে দেখা করতে এসেছিলেন।
তিনি বলেন, মালিবাগ রেলগেট দিয়ে যাওয়ার সময় ইবনে সিনা হাসপাতালের পাশেই কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় সুইচ গিয়ার দিয়ে করিমনকে আঘাত করে তার মুঠোফোন ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে মারধর করলে পালিয়ে যাওয়া তার সহযোগীরা দলবল নিয়ে ফিরে আসে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নবী ও রিফাতকে আহত করে। এরপর তারা আটক সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনজনেরই পেটে ছুরিকাঘাতের গুরুতর ক্ষত রয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের পেটের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!