ট্রাফিক ব্যবস্থায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেট ঢেকে রাখার ঘটনায় অভিযুক্ত লাবলু হক (৩৮) ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড পেয়েছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর ভিত্তিতে প্রায় এক সপ্তাহের তদন্ত শেষে তাকে শনাক্ত করা হয়। গত ২ জুন ডিএমপির এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, এ ধরনের ঘটনা সড়ক শৃঙ্খলার জন্য উদ্বেগের কারণ বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পর পুলিশ তদন্তে নামে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার রাকিব হোসেন জানান, ভাইরাল ছবিতে মুখ স্পষ্ট না থাকায় এবং ছবি তোলার সঠিক সময় ও স্থান নিশ্চিত না থাকায় তদন্ত অনুমানের ভিত্তিতে শুরু হয়। পরবর্তীতে ধারণা করা হয়, রাজধানীর সাতরাস্তা মোড়ের বিজি প্রেসসংলগ্ন এলাকায় ছবিটি তোলা হয়। সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল শনাক্ত করা হয়। যেহেতু নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢাকা ছিল, তাই সম্ভাব্য নম্বরের সমন্বয় ধরে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের তালিকা তৈরি করে তদন্ত শেষে গত ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে লাবলু হক জানান, তেজগাঁও এলাকায় জরুরি কাজে যাওয়ার সময় হেলমেট না থাকায় এআই নজরদারি এড়াতে নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রেখেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি দোষ স্বীকার করেন। ডিএমপি কমিশনার নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ প্রত্যাশার চেয়ে দ্রুত নতুন ট্রাফিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে। তবে ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
‘এআই ফাঁকি’ দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না লাবলুর
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!