জাতিসংঘের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউ ইয়র্ক সময় বুধবার (২ জুন) সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক ভোটাভুটিতে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন।
জাতিসংঘের প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতি অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস। ভোটাভুটিতে ড. খলিলুর রহমান ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি দেশের সমর্থন অর্জন করেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট।
এই নির্বাচনের মধ্য দিয়ে ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশের একজন কূটনীতিকের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য গৌরব ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!