বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ জুন) সকালে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দায়িত্ব পালন শেষে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন কনস্টেবল ফারুক গাজী। সকালে এক সময় তিনি ব্যারাকে বসে গ্যাস ট্যাবলেট (এক ধরনের কীটনাশক) সেবন করেন।
পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে চিরকুটে কী লেখা রয়েছে বা আত্মহত্যার পেছনের কারণ কী তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!