লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকায় এক মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা কয়েক বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
নিহত সায়মা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত ইকরা আক্তার রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে স্বামী মো. কামালের মৃত্যুর পর শাহিনুর বেগম তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়লে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!