রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাসায় ১ হাজার ৫০০ টাকা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে সুমন (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার স্ত্রী নাসিমা আক্তার।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে সুমন তার ছোট স্ত্রী নাসিমার বাসায় যান। সেখানে বাসা থেকে তার ১ হাজার ৫০০ টাকা চুরি হয় এবং রাতেই তিনি নাসিমাকে বাথরুমে মাদক সেবন করতে দেখেন। এসব বিষয় নিয়ে মঙ্গলবার সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন নাসিমাকে মারধর ও কামড় দিলে তিনি লোহার তৈরি একটি ধারালো বস্তু এনে তাকে আঘাত করেন। এরপর হাতাহাতির একপর্যায়ে ওই ধারালো বস্তুটি সুমনের বুকে বিদ্ধ হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
নাসিমাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতের বুকের বাম পাশে একটি জখম রয়েছে। বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। ঘটনার পর নাসিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!