রাজধানীর উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া অর্থটি উত্তরার ‘ডিএল পেট্রলপাম্প’-এর। প্রতিষ্ঠানটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানচালক খোরশেদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তাদের কাভার্ড ভ্যানের গতি রোধ করে। সন্ত্রাসীরা পিস্তল উঁচিয়ে ভয় দেখায় এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ডিএল পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ছিনতাইয়ে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!