রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তার পদত্যাগ ও মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে কলেজের সামনে আজিমপুর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ক্যাম্পাসে পুলিশ কেন, জবাব চাই’ ও ‘আমার বোন আহত কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন ।
শিক্ষার্থীদের প্রথম দাবি, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। লিখিত পদত্যাগপত্র না দেওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্বিতীয় দাবি, মধ্যরাতে কলেজ ও ছাত্রীদের আবাসিক হলে পুলিশের প্রবেশ, লাঠিচার্জ ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা ।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে কার্যালয়ে তালা দিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করেন তারা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে প্রায় ১৩ ঘণ্টা পর তাকে উদ্ধার করে ।
অধ্যক্ষকে উদ্ধারে পুলিশের অভিযানের সময় শিক্ষার্থীদের চুল ধরে টেনে সিঁড়ি দিয়ে নামানো, লাঠিচার্জ ও মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তিন থেকে চারজন হাসপাতালে চিকিৎসাধীন ।
তবে লালবাগ থানার ওসি মো. জামিল হোসেন শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ বা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অধ্যক্ষকে উদ্ধারের সময় শিক্ষার্থীরা বাধা দিলে ধাক্কাধাক্কা হয়। ঘটনাস্থলে নারী পুলিশ সদস্যরাই ছিলেন এবং ১০-১৫ জন নারী পুলিশ শিক্ষার্থীদের আঁচড়ে আহত হয়েছেন বলেও তিনি জানান ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!