ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। এদিকে শ্রমিক অসন্তোষ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে পরে নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতির অবনতি আশঙ্কায় এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণার পর শ্রমিকরা আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নিউএইজ গ্রুপের আশুলিয়ায় অবস্থিত সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকবে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!