নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ব্যাংক এশিয়ার একটি এজেন্ট শাখা থেকে গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. নূর উদ্দিন আসিফ (৩৩) নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আসিফ দীর্ঘদিন ধরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখায় কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ আগস্ট দুপুরে ব্যাংকের জেলা ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলে তিনি কোনো তথ্য না দিয়ে অফিস ত্যাগ করেন। পরে শাখার হিসাব যাচাই করে অনিয়মের বিষয়টি সামনে আসে।
শাখার এজেন্ট মো. নূরুল আফছার সোনাইমুড়ী থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে আসিফকে প্রধান আসামি করা হয়। তার পরিবারের সদস্য কামরুন নাহার (২৫) ও আয়েশা খাতুন (৭০)-কেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, শাখার লকারে থাকা ৯ লাখ ৭৫ হাজার টাকা অনুপস্থিত এবং বিভিন্ন গ্রাহকের আমানতের অর্থসহ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
প্রতারণার শিকার গ্রাহকরা জানান, আসিফ বিভিন্ন কৌশলে তাদের ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করেছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা ও আত্মসাতের প্রকৃত অর্থের পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!