রাজনৈতিক সুবিধা অনুযায়ী ইতিহাসকে নিজেদের মতো ব্যাখ্যা করছে বিএনপি— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরকে বিএনপি বিপ্লব হিসেবে উদ্যাপন করলেও জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে দলটির মধ্যে দ্বিচারিতা দেখা যাচ্ছে।
ক্ষমতাসীন বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও এনসিপি এদিনটিকে সিপাহী-জনতার অভ্যুত্থান বলে আখ্যা দিয়ে পালন করেছে।
বিএনপির ভাষ্য অনুযায়ী, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিকদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমান গৃহবন্দিত্ব থেকে মুক্ত হন। এ নিয়ে আপত্তির জায়গা নেই বলে উল্লেখ করেন হাসনাত। তবে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদেরও অংশগ্রহণ ছিল। এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও অর্জন থাকার পরও বিএনপি কখনো এটিকে গণ-অভ্যুত্থান, এমনকি বিপ্লব হিসেবেও স্বীকৃতি দিতে চায় না।
বিএনপির অবস্থানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরের ঘটনায় জিয়াউর রহমানকে কেন্দ্র করে দলটি একক মালিকানা দাবি করতে পারে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করার সুযোগ নেই। এ কারণে ৭ নভেম্বরকে বিপ্লব বলা হলেও ২০২৪ সালের গণভ্যুত্থানকে স্বীকৃতি দিতে অনীহা দেখা যাচ্ছে কি না, প্রশ্ন তোলেন তিনি।
১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে হাসনাত বলেন, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত করা অপকর্মের বিচার নিশ্চিত না করেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান।
এবারও বিএনপি একই পথে রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। কারা অপরাধী, কারা নিরপরাধ তা নির্ধারণ করবে আদালত ও বিচারব্যবস্থা।
সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসার ৯ মাস পরও মূল্যস্ফীতি ১২ শতাংশ। প্রশাসন থেকে অর্থনীতি—সবখাতে আগামী এক বছর প্রতিটি নীতিক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ হবে। তবে তারেক রহমানের সামনে এখনো ইতিহাসের দেওয়া সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের মুক্তির আন্দোলনের সঙ্গে বিএনপি বারবার প্রতারণা করেছে বলে অভিযোগ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন এমপি।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের জবাবদিহিতা না করে রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়েছিলেন, যা রাজনৈতিক পুনর্বাসনে পরিণত হয়েছিল। বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করার আহ্বান জানান তিনি।
সারোয়ার তুষার আরও বলেন, প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে গুপ্তচর খুঁজছেন। অথচ নিজের দলের ভেতরে কারা সরকারকে ভুল পথে পরিচালিত করছেন, সেটিও খুঁজে দেখা উচিত।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সভায় দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!