কোনো দেশের গোয়েন্দা সংস্থা বা এজেন্সির সঙ্গে গোপনে বৈঠক বা বোঝাপড়ার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবেন, কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠক হয়েছে। এর সঙ্গে উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের কড়া জবাব দিয়ে জামায়াত আমির বলেন, বলা হয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটি কে, তা স্পষ্ট করা হোক। তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’
পাল্টা অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।’ তিনি এ বিষয়ে প্রমাণ থাকলে জনসমক্ষে উপস্থাপনের চ্যালেঞ্জও জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!