বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম হৃদয় রহমান (১৭)। সে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কিশোর হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে তার বাবার কাছে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জেদ ধরে আসছিল। তবে আর্থিক সংকটের কারণে মোটরসাইকেল কিনে দিতে বাবার কিছুটা বিলম্ব হয়। এই বিলম্ব মেনে নিতে না পেরে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ বাবা আব্দুল লতিফ জানান, হৃদয় বেশ কিছুদিন ধরেই বাইক কেনার জন্য বায়না ধরছিল। তিনি তাকে বুঝিয়ে বলেছিলেন যে, বর্তমানে হাতে পর্যাপ্ত টাকা নেই, টাকা জোগাড় হলেই তাকে নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হবে। কিন্তু সেই সামান্য বিলম্বের কারণেই অভিমানে ছেলে এমন চরম পথ বেছে নেবে, তা তারা কল্পনাও করেননি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পেছনে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায়, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!