উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুরের অভিযোগ
লেখা বড়/ছোট করুন:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে কুমিল্লার দেবিদ্বারে পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন করেছে বিএনপির দুপক্ষ। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে রোববার বিকেলে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এমপি রাশেদা বেগম হীরা, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইদুর রহমান লিটন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

নিউমার্কেট চত্বরে সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে এগিয়ে যান। পরে এমপি রাশেদা বেগম হীরা এবং অন্যান্য অতিথি উপজেলা চত্বর ছেড়ে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে উভয়পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়।

এ সময় রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দিতে থাকে একটি পক্ষ। গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।

এম এ আউয়াল খান বলেন, আমরা কর্মসূচি শেষ করে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের সামনে পড়ি। ওই সময় তারা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি ও সংরক্ষিত এমপি রাশেদা বেগম হীরা আপাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিতে থাকে। তখন আমাদের নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিতে নিষেধ করলে তারা আমার গাড়ি ভাঙচুর করে। এতে নেতৃত্ব দেন এ এফ এম তারেক মুন্সী নিজেই।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমার জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

রাশেদা বেগম হীরা বলেন, আমরা সুন্দরভাবে প্রোগ্রাম শেষে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংগঠনের প্রোগ্রামকে ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায়, আমরা কী তাদের দলের লোক মনে করব? তাদের যদি কোনো অভিযোগ থাকত, তাহলে তারা আমাদের সঙ্গে কথা বলতে পারত। তারা আমাদের গাড়িগুলোতে হামলা করেছে, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগালি করেছে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামান বলেন, এমপি রাশেদা বেগম হীরা প্রোগ্রাম শেষে চলে যাওয়ার সময় দুপক্ষ মুখোমুখি হয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর হয়। আমরা তাৎক্ষণিক তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাই।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!