ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ সোহেল রানা জানান, নিহত দুজন সম্পর্কে বন্ধু-বান্ধবী। তারা মাওয়া ঘুরতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের স্বজনদের জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা আসলে নিহতদের মরদেহ দুটি হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!