ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী আয়কর ও ই-রিটার্ন ফাইলিং কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগামী ২২, ২৮ ও ২৯ আগস্ট ২০২৬ তারিখে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের নবম তলায় অবস্থিত প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এর আয়োজন করা হয়েছে।
কর্মশালায় ২০২৬ সালের অর্থ আইনের আলোকে আয়কর আইনের সর্বশেষ পরিবর্তন ও এর বাস্তব প্রভাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ধাপে ধাপে হাতে-কলমে ই-রিটার্ন দাখিলের প্রশিক্ষণ দেয়া হবে। কর পরিপালন, উৎসে কর (টিডিএস), অগ্রিম আয়কর (এআইটি), নিরীক্ষা এবং মামলা ব্যবস্থাপনার ব্যবহারিক বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে। বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল শেখানো হবে।
আয়কর পেশাজীবী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিজ্ঞ কর পেশাজীবীরা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন।
আইনজীবী, আয়কর রিটার্ন প্রস্তুতকারী, ব্যাংকার, অর্থ ও হিসাব পেশাজীবী, উদ্যোক্তা ও ব্যবসায়ী, কর পরামর্শক, শিক্ষার্থী এবং আয়কর ও ই-রিটার্ন ফাইলিং বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন।
অংশগ্রহণের নিবন্ধন ফি ৫ হাজার টাকা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেয়া হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আগ্রহীদের https://mpb.du.ac.bd/workshop ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৯১৩-৮২৫২৫১ ও ০১৭৭৪৫৭৮৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের মতে, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিত করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ই-রিটার্ন দাখিলের সক্ষমতা অর্জনে এই কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!