খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।
আহতরা হলেন—মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীণ ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন ত্রিপুরা এবং সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল। তাদের মধ্যে প্রবীণ ত্রিপুরা ও সুমন ত্রিপুরা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের বরাত দিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, শুক্রবার বিকেলে আলুটিলা পুনর্বাসন এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালান। এতে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হন।
এমএন আবছার আরও অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও গুইমারায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার দাবি, একটি পক্ষের আশ্রয়-প্রশ্রয়ে এসব ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!