উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
লেখা বড়/ছোট করুন:

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মীরবাড়ির বাসিন্দা মাওলানা শাহরিয়ার সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা ও ভিডিও প্রকাশ করেন। সেখানে আমেরিকাপ্রবাসী ইকবাল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তোলা হয়।

ওই পোস্টকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ আলীর বাড়ির রায়হান মিয়ার সঙ্গে শাহরিয়ারের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে বিরোধে রূপ নেয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরুতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া হলেও পরে তা কয়েক দফায় সংঘর্ষে রূপ নেয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের মধ্যে কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

আহতদের মধ্যে রাহাদ নামে এক যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ ও ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানসহ এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুপুরের দিকে শাহরিয়ার ও রায়হান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হলেও স্থানীয়রা তা মীমাংসা করে দেয়। কিন্তু সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!