উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সার না পেয়ে কুড়িগ্রামে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সার না পেয়ে কুড়িগ্রামে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
লেখা বড়/ছোট করুন:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ইউনিয়নের গাবতলা বাজারে ভাই ভাই ট্রেডার্সের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মারা যাওয়ার পর ওই ডিলার পয়েন্টের দায়িত্ব দেওয়া হয় নাগেশ্বরীর ডিলার খায়রুল আলমকে। শুক্রবার সকালে সার নিতে কৃষকেরা সেখানে জড়ো হন। সার না পাওয়ায় একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এবং কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে আটকে রাখেন।

খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে যান। পরে পুলিশসহ তিনি কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে যান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সার না পেয়ে কৃষকেরা কৃষি কর্মকর্তাকে আটকে রেখেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে ইউএনও গিয়ে আগামী পরশু সার দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর ইউএনও তার গাড়িতে করে কৃষি কর্মকর্তাকে থানায় নিয়ে আসেন।

কৃষকদের অভিযোগ, কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম সকাল ৭টার আগেই সার বিতরণ শুরু করেন। এর আগে ব্যবসায়ীর কাছে সার বিক্রি করারও অভিযোগ করেন তারা।

তবে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, অতিরিক্ত বরাদ্দ থেকে বল্লভেরখাস ইউনিয়নের জন্য ৮ মেট্রিক টন বা ১৬০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। কৃষকদের সুবিধার্থে দুটি বিতরণকেন্দ্র করা হয়। এর মধ্যে গাবতলায় ৮০ বস্তা ও মাদারগঞ্জে ৮০ বস্তা রাখা হয়। গাবতলার সার বিতরণ শেষ হয়ে যাওয়ার পর যারা সার পাননি, তারা কৃষি উপসহকারী কর্মকর্তাকে আটকে রাখেন। বরাদ্দ পাওয়া গেলে আবার সার দেওয়া হবে বলে কৃষকদের জানানো হয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!