নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী হৃদয় (২৭) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালক হৃদয়ের মরদেহ উদ্ধার করেন।
নিহত হৃদয় রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার বাসিন্দা। চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল তার।
ফায়ার সার্ভিস জানায়, নিহত ব্যক্তি গত রাতে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে সেখানে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!