কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্থানীয় দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আব্দুর রহিম উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বলাইশিমুল (চকপাড়া) গ্রামে ধান শুকানো এবং পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে আব্দুর রহিমের পক্ষের সংঘর্ষ বাধে। এতে বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমসহ উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।
সংঘর্ষের পর গুরুতর জখম হওয়া আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন শুক্রবার গভীর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, ওই আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। তবে এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!