গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে লগি-বৈঠা হাতে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল বন্ধ হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক শ মানুষ লগি-বৈঠা হাতে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা ছিলেন।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি সড়কে দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু'সহ শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে বক্তব্য দিতেও দেখা যায়। ভিডিওতে মহসিন মাদবর দাবি করেন, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এক সপ্তাহ ধরে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত করেছেন। তবে এ বিষয়ে ইকবাল হোসেন অপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় সূত্রের দাবি, এ সময় কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!