কয়েকদিন ধরেই আলোচনা চলছে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে নিয়ে। ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা কিংবা নানা বিতর্কিত কর্মকাণ্ড—বিভিন্ন ইস্যুতে প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় আসেন তিনি। এবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ ও গালাগালির বিষয়ে ক্ষমা চাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যেই অভিনেত্রী হাজির হন ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে। আর সেখানেই ঘটে বিপত্তি
পরীমণি মঞ্চে নাচের সময় সবকিছু ঠিকই চলছিল। তবে এ সময় 'ভুয়া ভুয়া' স্লোগান দেন অনেকেই। 'ভুয়া ভুয়া' স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে 'মিডল ফিঙ্গার' প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে 'ওয়েডিং কার্নিভাল' নামের একটি ফ্যাশন শো-তে এ ঘটনা ঘটে।
অশালীন অঙ্গভঙ্গি এবং 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন অভিনেত্রী। আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন এই অভিনেত্রী।
অন্যদিকে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে 'ব্যাড টাচ'-এর অভিযোগ করেন পরীমণি। পরে ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমণি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সরব হয় দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!