ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তিনি। এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। এ সময় সাংবাদিকদের ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার আহ্বানও জানান তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
আদালত থেকে বের হয়ে নিজের সাদা গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাকে ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। কেউ কেউ জামিনের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী।
গাড়িতে ওঠার মুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান পরীমনি। তাকে বলতে শোনা যায়, "তুই আমার হাত দিয়েছিস ক্যান!" এ সময় মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, "আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।" পাশ থেকে পরীমনির সহকারীরাও দাবি করেন, ওই ব্যক্তি তার গায়ে হাত দিয়েছেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে এই বাক্বিতণ্ডা। এ সময় পরীমনিকে আরও বলতে শোনা যায়, "কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।"
এদিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে পরীমনি বলেন, "এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।"
এ সময় ক্যামেরার আলো চোখে ফেলায়ও বিরক্তি প্রকাশ করেন তিনি। একপর্যায়ে গালিগালাজও করেন অভিনেত্রী। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বারবার দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি, শুধু ভিডিও করছিলেন। পরে দ্রুত গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পরীমনি।
প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার (৪ নভেম্বর) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করেননি আদালত। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হওয়ার পর শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!