উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

২৪ ঘণ্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত, আসছে অতি ভারী বর্ষণ

২৪ ঘণ্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত, আসছে অতি ভারী বর্ষণ
লেখা বড়/ছোট করুন:

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ দিনও দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী বুধবার (১৯ আগস্ট) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার (২১-২২ আগস্ট) দেশের সব বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৫ মিমি, আমবাগানে ১৬৯ মিমি, টেকনাফে ১৪৩ মিমি, কুতুবদিয়ায় ৯০ মিমি, হাতিয়ায় ৮৩ মিমি, কক্সবাজারে ৭৮ মিমি, পটুয়াখালীতে ৫২ মিমি, চাঁদপুরে ৪৬ মিমি, রাঙামাটিতে ৩৫ মিমি এবং কুমিল্লায় ৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!