রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাফিস মণ্ডল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা কথিত প্রেমিক রায়হান শেখ (১৮) বর্তমানে পলাতক রয়েছে। জানা গেছে, গত শনিবার (৯ মে) রাত ১০টার দিকে রায়হান ওই ছাত্রীকে ফুসলিয়ে ঘর থেকে বের করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে পৌর শহরের নগর রায়েরপাড়া এলাকার একটি নির্জন পুকুরপাড়ে প্রথমে রায়হান এবং পরে তার বন্ধু নাফিস ওই ছাত্রীকে ধর্ষণ করে। রাত ১২টার দিকে তারা ছাত্রীকে বাড়ির পাশে পৌঁছে দিতে এলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা নাফিসকে ধরে ফেললেও রায়হান পালিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নাফিসকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং মূল আসামি রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গোয়ালন্দে স্কুলছাত্রীকে ‘প্রেমের ফাঁদে’ ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!