গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম-ওলামা ও তাওহিদি জনতার পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন 'সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ'-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।
সংগঠনটির ভাষ্য, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।
হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত। বিবৃতিতে বলা হয়, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে।
একই সঙ্গে সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!