উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
লেখা বড়/ছোট করুন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন। মামলায় বেআইনি জনতাবদ্ধ হয়ে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিব (২৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। হাবিবুর রহমান হাবিব ২০১৭ সালের কমিটিতে ছাত্রলীগ শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে মেয়াদ শেষ হওয়ায় এই কমিটি বিলুপ্ত হয়েছে অনেক আগেই।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১০ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জন বেআইনিভাবে দলবদ্ধ হয়ে চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করেন। পরে হাসিব আল ইসলাম ও তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ তুলে তাদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে প্রধান আসামি হাবিবুর রহমান হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাম হাত দিয়ে আঘাত প্রতিহত করলে তার বাম হাতের কবজির নিচে গুরুতর কাটা জখম হয়। এ সময় অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

হাসিব ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মামলার বাদী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বলেন, হাসিব আল ইসলাম চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তার সঙ্গে আলোচনা করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা চাই, এই ঘটনার সঙ্গে জড়িত হাবিবসহ অন্য হামলাকারীদের পুলিশ দ্রুত গ্রেপ্তার করুক। পুলিশ যদি আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করব।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাতে প্রীতম দাশ বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই হাবিবুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে হাবিবসহ হামলায় আর কারা জড়িত ছিলেন, তা শনাক্ত করতেও তদন্ত চলছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!